ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার আগে অনুমতি নেওয়ার যে বিধি প্রস্তাবিত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে যুক্ত করা হয়েছে তার সঙ্গে একমত নন সংসদীয় কমিটির সদস্যরা।
কমিটির সভাপতি, অর্থমন্ত্রী ও অধিকাংশ সদস্য মনে করেন, মামলা করার আগে যদি সরকারের অনুমোদন নিতে হয়, তাহলে দুদকের আর দরকার নেই, পুলিশই যথেষ্ট।
রোববার জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার প্রস্তাবিত বিধান যৌক্তিক নয় বলে কমিটি মনে করে।
"সরকারের কাছ থেকে আগেই অনুমোদন নিতে হলে কমিশনের দরকার কী! পুলিশ আছে," বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অর্থমন্ত্রীও তাই মনে করেন। মতিয়া চৌধুরী একটি বাস্তবসম্মত কমিশন চেয়েছেন। কৃষিমন্ত্রী চান যে, আইনের শাসনকে সমন্বিত করে বাস্তবসম্মত আধুনিক ও যুগোপযুগী আইন হোক।"
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনের জন্য গত ২৮ ফেব্র"য়ারি সংসদে বিল ওঠে।
এর ৩২(ক) ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়, এ আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমোদন নিতে হবে। বিদ্যমান আইনে এ ধরনের ক্ষেত্রে সরকারের অনুমোদনের প্রয়োজন হয় না।
এর আগে ২৪ জানুয়ারি প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর একটি বিধির ব্যাখ্যা দিতে গিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, দায়িত্ব পালনকালে 'ব্যক্তিগত স্বার্থে' অনিয়ম বা দুর্নীতি করা এবং ঘুষ নেওয়ার মতো অপরাধের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি অনুসন্ধান, তদন্ত বা মামলা করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না। তবে 'ভুল-ত্র"টির' কারণে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে তদন্ত বা মামলা করার আগে সরকারের অনুমোদন নিতে হবে দুদককে।
এ প্রসঙ্গে রোববার সংসদীয় কমিটির সভার পর সুরঞ্জিত বলেন, দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হলে শুধু আর্থিক স্বাধীনতা দিলেই হবে না, প্রশাসনিক স্বাধীনতাও দিতে হবে। কার্যকরভাবে পরিচালনার জন্য দুদকের নিজস্ব জনবলের দরকার। এখন তাদের অনেক ক্ষেত্রেই পুলিশের ওপর নির্ভর করতে হয়।
"দুদক যাতে অত্যাচারী প্রতিষ্ঠান না হয়- সে ব্যবস্থাও করতে হবে। কমিটি এ আইন আরও পর্যালোচনা করবে। বিশ্বের অন্যান্য দেশে এ বিষয়ে যেসব আইন আছে কমিটির একটি গ্র"প গিয়ে সেগুলো দেখবে।"
দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন নিয়ে কমিশনের মধ্যেও অসন্তোষ রয়েছে। আইন সংশোধনে সরকারি উদ্যোগের মধ্যেই কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান গত বছর বলেছিলেন, "দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে। দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।"
রোববার সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটির সদস্য রহমত আলী সাংবাদিকদের বলেন, "যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে আগে থেকে সরকারের অনুমোদনের প্রয়োজন নেই বলে কমিটি মনে করে। এ বিষয়ে মতিয়া চৌধুরীর বক্তব্য একটু অস্পষ্ট। মনে হয়েছে, তিনি কমিটির বক্তব্যের সঙ্গে একমত নন।"
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীর বিশেষ আমন্ত্রণে এই বৈঠকে অংশ নেন।
এছাড়া কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. ফজলে রাব্বী মিয়া, অ্যাডভোকেট মো. রহমত আলী, খান টিপু সুলতান, মো. জিয়াউল হক মৃধা, মো. নূরুল ইসলাম সুজন এবং শেখ ফজলে নূর তাপস বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি জানান, বৈঠকে মুসলিম স
bdnews24