বাগেরহাট, জুন ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লী এলাকা থেকে শনিবার রাতে বনদস্যুরা দু'টি ট্রলারসহ অন্তত ২৫ জন জেলেকে ও অপহরণ করেছে।
তবে অপহরণকারীরা মুক্তিপণ চেয়েছে কি না তা এখনো জানা যায়নি।
রোববার বিকালে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ এবং সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের বড় একটি দল বেশ কয়েকটি ট্রলারসহ শনিবার রাতে ট্রলার নিয়ে সুন্দরবনের মেহের আলী চর সংলগ্ন ভেদাখালী খালে আশ্রয় নেয়। রাত ১টার দিকে বনদস্যু নাছির বাহিনীর ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাদের উপর হামলা চালায়।
তারা জেলেদের মারধর করে এবং তাদের প্রচুর পরিমাণ ইলিশ মাছ লুট করে। এক পর্যায়ে ওই খালে অবস্থান নেওয়া অন্তত ২০টি ট্রলার থেকে পঁচিশ-ত্রিশজন জেলেকে অপহরণ করে দস্যুরা। যাবার সময় তারা দুটি ট্রলারও নিয়ে যায়।
অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট, বরগুনা ও পিরোজপুর জেলায় বলে তিনি জানান।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের ট্রলার মালিক বাদশা মিঞা জানান, দস্যুরা তার মালিকানাধীন এফবি সৈকত নামের একটি ট্রলার ও ওই ট্রলারের মাঝি নজরুল ইসলামকে অপহরণ করেছে। ওই ট্রলারে করে অপহৃত অন্তত ১৩ জন জেলেকে নিয়ে গেছে বলে নজরুল রোববার ভোরে মোবাইল ফোনে জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, ভেদাখালী খাল থেকে বনদস্যু নাছির বাহিনী বেশ কিছু জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে গেছে। তবে তিনি অপহৃতদের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম. বদরুদ্দোজা রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে সুন্দরবনে জেলে অপহরণের সংবাদ শোনার পর তাদের উদ্ধারের জন্য সিজিএস পটুয়াখালী নামের একটি নৌযান ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় কচিখালী কনটিনজেন্টের সহযোগিতায় তারা বিকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে।
গত ২২ জুন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের এক দস্যুবাহিনীর দলনেতা জুলফিকার আলী মাতুব্বরসহ চার বনদস্যু নিহত হয়।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৬ ঘ.
bdnews24