ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে নামেই হোক না কেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে রোববার আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাসের কারণে ১৯৯৬ সালে আওয়ামী লীগের হরতাল, ভাংচুর, অসহযোগ ও লাগাতার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার এসেছিলো। সেই অবিশ্বাস আজো বিদ্যমান।
"যে নামেই হোক না কেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না, মানুষ কষ্ট পাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে", বলেন মাহবুব।
সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পথে এগোচ্ছে সরকার। আর বিরোধী দল বলছে, এ ব্যবস্থা না থাকলে নির্বাচনে যাবে না তারা।
তত্ত্বাবধায়কের বিকল্প হিসেবে 'অন্তর্বর্তীকালীন সরকার', 'জাতীয় সরকার'সহ বিভিন্ন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, "বর্তমানে দেশে রাজনৈতিক সন্ত্রাস ও নির্যাতন অবাধে চলছে। রাজনীতিবিদদের রিমান্ডে নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। নির্যাতনে সাধারণ মানুষের মৃত্যুও হচ্ছে। সীমান্তে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে।"
'রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়ে মানুষ দুর্বিষহ' জীবন যাপন করছে দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব বলেন, "এসব কারণে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।"
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দণ্ডাদেশের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "অতীতে ক্যাঙ্গারু কোর্টে সাজাপ্রাপ্তরা আজ যেমনি নির্দোষ প্রমাণিত হচ্ছে। গণতন্ত্র কায়েম হলে উচ্চ আদালতের শরনাপন্ন হয়ে বর্তমান সরকারের আমলে দেওয়া একতরফা রায়ের সাজাও থাকবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৪০ ঘ.
bdnews24