রংপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়া খেলাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জ উপজেলার দুটি গ্রামের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
শনিবার বিকালে ঢাকিপাড়া ও কমরপুর গ্রামে এ ঘটনার পর রোববার ভোর থেকে আরো ১০টি গ্রাম সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর আহাম্মেদ জানিয়েছেন ।
এতে ৩ শতাধিক ঘর ভাংচুর, মালামাল লুট এবং প্রায় ২০০ ঘরে আগুন ধরানো হয়।
সংঘর্ষে শতাধিক নারী পুরুষ ও শিশু আহত হয়েছে। আতঙ্কিত গ্রামবাসী ঘর ছেড়ে পালাচ্ছে বলে স্থানীয়রা জানায়।
ভোর থেকে সংঘর্ষ শুরু হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
পুলিশ সুপার সালেহ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি এবং কোতোয়ালি থানার ওসিসহ রংপুর থেকে শতাধিক দাঙ্গা পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বগুড়া থেকে আর্মর্ড পুলিশ ব্যাটালিয়ন তলব করা হয়েছে ।
রোববার দুপুর পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার বিকালে ঢাকিপাড়া ও কমরপুর গ্রামের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত পাঁচ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে জাহিদুল (৩৫) ও মোক্তার (৩২) নামে দুজন মারা যায়।
তাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ১০ গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫১০ ঘ.
bdnews24