২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিসংতায় নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিসংতায় এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

গাইবান্ধা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিসংতায় এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে আব্দুস সোবহান মিয়া (৫০) মারা যান বলে গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান। সোবহান মহিমাগঞ্জ ইউনিয়নের কুনতাইড় গ্রামের ইছা শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ প্রধানের সমর্থক। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, মহিমাগঞ্জের কুশারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার ফলাফল ঘোষণার পর রাত ৮টার দিকে চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদের মিঠুর সমর্থকরা লতিফ প্রধানের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাজরুল ইসলাম ও আব্দুস সোবহান আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় সোবহানকে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে সেখানেই মারা যান তিনি। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। গোবিন্দগঞ্জের চারটি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিসংতায় শনিবার রাতে এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িসহ ছয়টি বাড়ি ভাংচুর ও কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং শটগান ও রাইফেলের ১০৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪৫৫ ঘ.