ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য হিসেবে এলাকায় কার্যালয় চেয়ে প্রধানমন্ত্রীর পাল্টা বাক্যবাণ সইতে হলো ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. টিআইএম ফজলে রাব্বিকে।
এ জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, "আমার ধারণা উনি (ফজলে রাব্বী) এ খাতে যে অর্থ বরাদ্দ পেয়েছেন, তার এক টাকাও খরচ করেননি। পকেটে রেখে দিয়েছেন।"
রোববার সংসদে নির্বাচনী এলাকার কার্যালয় নিয়ে কথা বলেন ফজলে রাব্বি।
বাজেট আলোচনায় বক্তব্য রাখার এক পর্যায়ে তিনি বলেন, "সংসদ সদস্য প্রত্যেকের নির্বাচনী এলাকায় অফিস দরকার। এলাকায় তারা ফেউয়ের মত ঘুরে বেড়ায়।"
এর জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, "এ বিষয়ে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এখন কোনো সংসদ সদস্য যদি সে অর্থ খরচ না করে পকেটে রেখে দেন, তাহলে তো কিছু করার নেই।"
ফজলে রাব্বি আরো বক্তব্যে আরো বলেন, "সংসদ সদস্যরা অনেক কথা বলার সাহস পান না।"
এর উত্তরে স্পিকার আবদুল হামিদ বলেন, "সংসদ সদস্যরা কথা বলতে সাহস পান না, আপনার এ কথাটা বোধহয় ঠিক নয়।"
এ নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনাও। তিনি বলেন, "তিনি (ফজলে রাব্বী) বোধ হয় ওনার দলের নেতার (এরশাদ) কথা বলছেন। ওনার নেতার কাছে দলের সংসদ সদস্যরা হয়তো কথা বলার সাহস পান না।"
"কিন্তু আমার দলে এ রকমটা কখনো হয় না। আমার সঙ্গে দলের সংসদ সদস্য, নেতা-কর্মীদের সম্পর্ক এমনই যে তারা অকপটে আমার কাছে সব কথা বলতে পারেন", বলেন হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24