খুলনা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খুলনা নগরীতে শনিবার এক শ্রমিক নেতা খুন হয়েছেন। আহত হন অন্তত সাতজন।
এছাড়া ডুমুরিয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য আবদুস সালাম ওরফে দুপু (৪৬) এবং ডুমুরিয়া উপজেলার স্কুল ছাত্র শাহীন মোড়ল (১৮)।
আহতরা হলেন- সুজন, মনা, নাজমুল, রশিদ, মুজিবর, শাহজাহান ও মানিক। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর মহেশ্বরপাশা এলাকায় শ্রমিকদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। মহেশ্বরপাশা খাদ্য গুদাম ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূইয়া জানান, শুক্রবার মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কলম সরদারকে পরাজিত করে মোদাচ্ছের হোসেন সভাপতি নির্বাচিত হন।
এদিকে নির্বাচনে মোদাচ্ছের প্যানেলের বিজয়ী সহ-সভাপতি মুজিবর রহমান নির্বাচনের দিন রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মোদাচ্ছের তার সমর্থকদের নিয়ে মহেশ্বরপাশা মল্লিকপাড়ায় মুজিবরের লাশ দেখতে যান।
লাশ দেখে ওই বাড়ি থেকে বের হওয়ার পর কলম সরদারের সমর্থকরা মোদাচ্ছের ও তার সমর্থকদের ধাওয়া করে।
এক পর্যায়ে সন্ত্রাসীরা মোদাচ্ছেরের ভাইপো আবদুস সালাম ওরফে দুপুকে কুপিয়ে ও পেটে ছুরিকাঘাত করে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এরপর সন্ত্রাসীরা সুজনকে জবাই করে হত্যার চেষ্টা করে। তাকে রক্ষা করতে গেলে অস্ত্রধারীরা মনা ও নাজমুলের হাত-পায়ের রগ কেটে দেয়।
ইউনিয়নের নির্বাচিত সভাপতি মোদাচ্ছের হোসেন জানান, নির্বাচনে তার প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে।
এদিকে ডুমুরিয়া থানার ওসি আব্দুল জলিল জানান, উপজেলার শাহপুর গ্রামের মহসিন আলম মোড়লের ছেলে, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাহিন মোড়ল (১৮) শুক্রবার বিকালে স্থানীয় নাপিতের মাঠে ফুটবল খেলতে যায়।
খেলার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় মাথায় প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহিন গুরুতর আহত হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24