ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ, বাড্ডা ও সবুজবাগে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
লালবাগে শনিবার দুপুরে ইডেন মহিলা কলেজের মোড় পার হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (১৯) নামে আহত হন।
অন্য শ্রমিকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিরুল ইডেন মহিলা কলেজের ভিতরের ক্যাম্পাসে দেড় মাস যাবৎ কাজ করছিলেন বলে জানায় পুলিশ।
এদিকে, বাড্ডায় একটি বহুতল ভবনের ৬ষ্ঠ তলায় বাইরের অংশে রঙের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান শফিকুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রী।
শফিকুলকে শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি মৃত দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
অন্যদিকে, শনিবার সকাল ১০টার দিকে সবুজবাগের দক্ষিণ মাদারটেকে এক বাসা থেকে রুমানা ইসলাম (২০) নামে এ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
রুমানা পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।
ঘটনার পর থেকে রুমানা স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানান সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আল মামুন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৪০ ঘ.
bdnews24