কুমিল্লা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর মামলার রায়ে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ ছিলো না বলে জানালেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম; যদিও বিএনপি বলে আসছে, এ রায় সাজানো।
শনিবার কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) তিন দিনের লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
আইন প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রজেক্ট।
মুদ্রাপাচার মামলায় বৃহস্পতিবার ঢাকার একটি আদালত খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়েছে। এর সঙ্গে ১৯ কোটি টাকা জরিমানাও করা হয়।
কামরুল বলেন, "মামলাটির উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের (তদন্ত সংস্থা) মাধ্যমে। তাদের তদন্তে বেরিয়ে এসেছে আসল ঘটনা- সিমেন্সের ঘুষ কেলেঙ্কারি। সিঙ্গাপুরের ঘটনা।"
"সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে আদালত কোকোর মামলার বিচার করেছেন। রায়ের ব্যাপারে সরকার কোনোভাবেই, কোনো অবস্থাতেই প্রভাবিত করেনি", বলেন তিনি।
সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, হাফিজউদ্দিন আহমেদ, ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনের জামিন পাওয়ার কথা তুলে ধরে আইন প্রতিমন্ত্রী বলেন, আদালতের ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৮২০ ঘ.
bdnews24