২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু চুরির ঘটনায় লাঠিপেটা, পরে পুলিশ প্রহৃত

মাগুরা সদর উপজেলায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিপেটায় ছয় জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

মাগুরা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- মাগুরা সদর উপজেলায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিপেটায় ছয় জন আহত হয়েছে। এর প্রতিবাদে জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় দুই পুলিশ সদস্যও প্রহৃত হয়। শনিবার সকালে উপজেলার আলমখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। আলমখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক বাঁশি শিকদার জানান, গরু চোরের একটি দল শনিবার ভোরে ফুলবাড়ি গ্রাম থেকে চারটি গরু একটি পিকআপ ভ্যানে উঠিয়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। জনতার ধাওয়া খেয়ে চোরেরা পালিয়ে যায়। কিন্তু পিকআপ ভ্যানসহ চালক সাগর মিয়া ও সহকারী নূর ইসলাম আলমখালী বাজারে ধরা পড়ে। জনতা তাদের গণপিটুনি দেয়। হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, উত্তেজিত জনতা যখন চালক ও হেলপারকে উত্তমমধ্যম দিচ্ছিলো তখন হাজিপুর ক্যাম্প থেকে পুলিশ এসে জনতাকে বাধা দেয়। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে হাতাহাতি হয়। এই হাতাহাতির খবর শুনে হাজিপুর ক্যাম্প থেকে উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে লাঠিপেটা শুরু করেন। এতে রাউতড়া গ্রামের রাম মোহন (৪০), রিপন (২৫), আলাউদ্দিন (৩০), রাজকুমার (৩৮), প্রদীপ (৪০), সাচানি গ্রামের আজিজার রহমান (৫০) আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশের লাঠিপেটায় উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। তারা এসআই সাখাওয়াত ও এএসআই মাহেব হোসেনের উপর চড়াও হয় এবং দুজনকে পিটুনি দেয়। পরে জনতা পুলিশের লাঠিপেটার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখে। সদর থানার ওসি আলমগীর শেখ এসে লাঠিপেটার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং গরু চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। বাঁশি শিকদার জানান, সংঘবদ্ধ একটি চক্র এই এলাকা থেকে গত দুই বছরে দুই শতাধিক গরু চুরি করেছে। ওসি আলমগীর শেখ বলেন, জনতার উপর এসআই সাখাওয়াতের লাঠিপেটা করাটা ঠিক হয়নি। পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আটক রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৪ ঘ.