বরিশাল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিন আগে তিনি স্বপ্নে দেখেন বাড়ি থেকে হেটে গিয়ে পীরের মাজার জিয়ারত করে ফিরতি পথে হেটে বাড়ি গেলে মনের আশা পুরণ হবে।
তিনদিন আগে কর্মস্থল থেকে বাড়ি এসে পীরের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
রাস্তায় একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার নাম মো. দ্বীন ইসলাম মোল্লা (৪৫)। পটুয়াখালীর চরজৈনকাঠি গ্রামে তার বাড়ি। বাবার নাম মোসলেম আলী মোল্লা।
শনিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর বার্থী নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় তিনি মারা যান।
তার দুটি মেয়ে ও এক ছেলে রয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হোসেন বলেন, মাদারীপুর থেকে বরিশালগামী একটি পিকআপ সকাল সাড়ে ৭টার দিকে দ্বীন ইসলামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দ্বীন ইসলামের ভাই শহিদুল ইসলাম জানান, দ্বীন ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন।
তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাহপুরের মরহুম পীর রোকনউদ্দিনের মুরীদ ছিলেন।
তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৪ ঘ.
bdnews24