ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের পরস্পরবিরোধী অবস্থানের প্রেক্ষাপটে 'অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার' গঠনের প্রস্তাব দিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গড়ে ওঠা দলটির চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির পরস্পরবিরোধী অবস্থানে দেশের রাজনীতি চরম অস্থির হয়ে উঠেছে। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সব পক্ষের কাছে গ্রহণীয় একটি সমাধানের উপায় হিসেবে 'অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার' গঠনের প্রস্তাব দিচ্ছি।"
পিডিপির প্রস্তাব অনুযায়ী- জাতীয় সরকারের মেয়াদ হবে তিন মাস। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি মন্ত্রিসভা ভেঙে বিদায়ী একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন।
পিডিপির প্রস্তাবিত জাতীয় সরকারে প্রধানমন্ত্রী হবে বিদায়ী ক্ষমতাসীন দল থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হবে বিদায়ী সংসদের প্রধান বিরোধী দল থেকে। অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব সমঝোতার ভিত্তিতে বণ্টন হবে।
"জাতীয় সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তাদের রাষ্ট্রপতি হতে বাধা থাকবে না", বলেন কোরেশী।
তিনি বলেন, "প্রস্তাবিত জাতীয় সরকার দলীয় সরকার হবে না। আবার এ ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মূল উদ্দেশ্যের সঙ্গে অপরিবর্তিত।"
বিরোধী দলের পক্ষে এ প্রস্তাব মেনে নেওয়া সহজ হবে বলে মনে করেন পিডিপি চেয়ারম্যান।
তিনি বলেন, "ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দেশের স্বার্থে তাদের এ ধরনের একটি সরকার গঠনে আলোচনায় আসা উচিত।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিডিপির স্থায়ী কমিটির সদস্য খালেকুজ্জামান চৌধুরী, সঞ্জীব চৌধুরী, সহ-সভাপতি শফিউদ্দিন ভুঁইয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24