২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

গাজীপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার কাপাসিয়ার ডোয়াইপাখুরী গ্রাম এবং কাপাসিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- ডোয়াইপাখুরী গ্রামের প্রয়াত নুরুজ্জামানের মেয়ে এবং নিহত জিল্লুর রহমানের স্ত্রী নুর আক্তার (২০), শাশুড়ি হেলেনা (৫০), কনক (৪৫) এবং পাশের লাখপুর গ্রামের জাহিদ (২০)। গত ৬ জুন শ্বশুর বাড়ির পাশের একটি লিচু বাগানে ঝুলন্ত অবস্থায় জিল্লুর রহমানের (২৩) লাশ উদ্ধার করে কাপাসিয়া থানা পুলিশ। জিল্লুর রহমানের চাচা কবীর হোসেন জানান, নুর আক্তারের সঙ্গে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের জিল্লুর রহমানের বিয়ে হয় এক বছর আগে। জিল্লুরের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় তিনি বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকতেন। গত ৬ জুন তার লাশ উদ্ধারের পর কোনো স্বজনের খোঁজ না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। বৃহস্পতিবার জিল্লুরের ভগ্নিপতি আব্দুল জব্বার তার খোঁজে শ্বশুরবাড়ি গেলে তারা জানায়, জিল্লুর অনেকদিন ধরে সেখানে থাকেন না। কিন্তু জব্বার খোঁজ নিয়ে লিচু বাগানে অজ্ঞাত লাশ উদ্ধারের কথা জানতে পারেন। পরে থানায় গিয়ে উদ্ধার করা ওই লাশের কাপড় ও অন্যান্য আলামত দেখে লাশটি জিল্লুরের ছিল বলে নিশ্চিত হন। এ ব্যাপারে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার জাহান জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত ঘটনা জানা যাবে। এখন আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.