২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান সাইদ আরো এক দিনের হেফাজতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে হত্যাচেষ্টার মামলায় তার স্বামী হাসান সাইদকে আরো এক দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে হত্যাচেষ্টার মামলায় তার স্বামী হাসান সাইদকে আরো এক দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগে তিন দফায় তাকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হাসান সাইদকে শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে সাইদের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী বিপুল দেবনাথ। শুনানি শেষে মহানগর হাকিম উৎপল চৌধুরী জামিনের আবেদন খারিজ করে ১ দিনের হেফাজত মঞ্জুর করেন। গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। ভারতের দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে ঢাকায় ফেরেন তিনি। রুমানার দুটি চোখই নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে হত্যার চেষ্টার অভিযোগে ৬ জুন হাসান সাইদের বিরুদ্ধে একটি মামলা করেন রুমানার বাবা মনজুর হোসেন। গোয়েন্দা পুলিশ ১৫ জুন হাসান সাইদকে গ্রেপ্তার করে। রুমানা বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৩২ ঘ.