২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নজরুলের সাহিত্যকর্ম অনুবাদে সহায়তা দেওয়া হবে'

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সকল রচনা বিশ্বের জনপ্রিয় ভাষাগুলোতে অনুবাদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সকল রচনা বিশ্বের জনপ্রিয় ভাষাগুলোতে অনুবাদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা নজরুলের সাহিত্যকর্ম অনুবাদের উদ্যোগ নেবে, তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। শুক্রবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বছর পূর্তি উপলক্ষে নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নজরুল রচনা বিশ্বের সকল জনপ্রিয় ভাষায় অনুদিত হওয়া প্রয়োজন। দেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিক্ষকদের প্রতি সারা বছর নজরুল চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলের কাছে বোধগম্য করে নজরুলের সৃষ্টি উপস্থাপন করতে হবে। নজরুল সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। প্রধনমন্ত্রী বলেন, কবি শোষণের বিরুদ্ধে নারীকে সরাসরি বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন। আমিও নারীদের বিদ্রোহী হওয়ার আহ্বান জানাই। নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, রশিদ হায়দার, কাজী নজরুল ইলামের নাতি খিলখিল কাজী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৩৫২ ঘ.