গাজীপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে 'ডিজে পার্টির' আয়োজকসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাহফুজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ওই বিনোদন পার্কে অভিযান চালিয়ে ৫০ বোতল হুইস্কি, ভদকা, রাম ও জিন ছাড়াও প্রায় ৩০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফান্ট্যাসি কিংডমের কর্মকর্তা মো. নূরুজ্জামান, প্রদীপ কুমার ও জামিল হোসেন এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন ডিজে পার্টির আয়োজক এস এম রিয়াদ-উল হক (২৫), তার সহযোগী হাসিবুল হাসান (৩০), আসাবউদ উল্লাহ (২৭), মহিদ ইসলাম, (২৬), শরিফ আসিফুল (২০), আসিফ হায়দার (২৩), আরিফুল হক (২০) ও কাজী রইস উদ্দিন (৫৬)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা উপ-অঞ্চল) এসএম মাহফুজুর রহমানের নেতৃত্বে রাত ১টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। দেড় ঘণ্টার অভিযানে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (পরিদর্শক) দেওয়ান মো. জিল্লুর রহমান এবং র্যাব-১ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে মো. জিল্লুর বলেন, "রেসকিউ কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডমের রিসোর্টে ৫৬টি কক্ষ ভাড়া নেয় এবং ওয়াটার কিংডমে ডিজে পার্টির আয়োজন করে। এ জন্য জার্মানিসহ বিভিন্ন দেশের ড্যান্সারদের ভাড়া করে আনা হয়েছিলো।"
এই পার্টির ২ হাজার থেকে ৮ হাজার টাকা দামের টিকিট দুদিন আগেই শেষ হয়ে যায়। ১৬ থেকে ২৫ বছর বয়সী আনুমানিক আড়াইশ তরুণ-তরুণী ওই পার্টিতে অয়শ নেয়।
এদিকে ফ্যান্টাসি কিংডমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ওই ঘটনার সঙ্গে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। আয়োজক সংস্থা চুক্তি ভেঙে পার্টিতে 'অ্যালকোহল' নিয়ে যায় বলেও উল্লেখ করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এএল/জেকে/২০১৯ ঘ.
bdnews24