২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে রোববার আধাবেলা হরতাল

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সিরাজগঞ্জ পৌর শহরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

সিরাজগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সিরাজগঞ্জ পৌর শহরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার ও শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং রোববার সিরাজগঞ্জ পৌর শহরে আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত ১৫ জুন জেলা শহরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০ জন আহত হয়। এই ঘটনার পর সিরাজগঞ্জ সদর থানায় তিনটি মামলা হয়। ইতোমধ্যে এই মামলায় জেলা বিএনপির বেশ কয়েকজন উর্ধ্বতন নেতা কারাগারে আটক আছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন পৌর মেয়র। বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর সোনারগাঁ হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ নিয়ে আসা হয়। পরে বেলা ১১টার দিকে মোসাদ্দেককে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। টুকু বলেন, পৌর মেয়র জামিনে ছিলেন। তারপরও তাকে গ্রেপ্তার করে আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়। বিক্ষোভ ও হরতাল কর্মসূচির পরও যদি মোসাদ্দেক আলী সহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে, বলেন টুকু। জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট থেকে জামিন আদেশের যে তালিকা আইনজীবীর মাধ্যমে পাঠানো হয়েছে সেখানে মেয়র মোকাদ্দেস আলীর নাম নেই। তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য সঠিক নয়। এদিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ ডিবি পুলিশ, সদর থানা ও রমনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মোসাদ্দেককে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/