২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের মনোনয়নপত্র ছাড়া হচ্ছে শনিবার

বয়সসীমা ২৯ নির্ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশীদের জন্য মনোনয়নপত্র ছাড়া হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়সসীমা ২৯ নির্ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশীদের জন্য মনোনয়নপত্র ছাড়া হচ্ছে শনিবার। বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত মনোয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রার্থী হতে ২ জুলাই রাত ৮টার মধ্যে ওই মনোনয়নপত্র জমা দিতে হবে। 'প্রার্থীদের অবিবাহিত, নিয়মিত ছাত্র, সাংগঠনিক অভিজ্ঞতাসহ মনোনয়নপত্রে উল্লেখিত সব তথ্য, সংযুক্তি ও নির্দেশনাবলী যথাযথভাবে পূরণ করতে হবে।' মনোনয়ন প্রত্যাশীর বয়স ২৯ বছরের বেশি হতে পারবে না- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি বা সমমান পাশের সত্যায়িত সনদ বয়সের প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়নপত্রে দেওয়া সব তথ্য যাচাই-বাছাই করে আগামী ৫ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে। ৮ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 'আগামী ৬ ও ৭ জুলাই প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করে বা স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।' আগামী ১০-১১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা। ২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর কেন্দ্রীয় কমিটি গঠিত গঠিত হওয়ার কথা। দলটির গঠনতন্ত্রে বলা হয়েছে, "২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। কেন্দ্রীয় সংসদের মেয়াদ হবে ২ বছর। এই সময়ের মধ্যে সম্মেলনের আয়োজন করতে হবে। অন্যথায় নির্বাহী সংসদের কার্যকারিতা লোপ পাবে।" তবে বিশেষ বা জরুরি অবস্থার প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় অনুমোদন সাপেক্ষে কমিটির কার্যকাল তিন মাস বৃদ্ধি করা যাবে বলেও গঠনতন্ত্রে বলা হয়। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সংগঠনটির জন্ম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৫৮ ঘ.