২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর জামিন স্থগিত রইলো আপিল বিভাগেও

পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলায় কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিনে স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলায় কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিনে স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতি (লিভ টু আপিল) নিষ্পত্তি করে এই আদেশ দেয়।

একই সঙ্গে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে ছয় মাস অথবা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেয়। রুলে পিন্টুকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তিন সপ্তাহের মধ্যে তা জানাতে স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিলো।

৯ জুন রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর ১৬ জুন রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার নির্দেশ দিয়ে স্থগিতাদেশ ২৩ জুন পর্যন্ত বাড়ায় আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং পিন্টুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এছাড়া বিডিআর মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হকও আদালতে বক্তব্য রাখেন।

বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্র"য়ারি নাসির উদ্দিন পিন্টুর বিরুদ্ধে এ মামলা হয়। এতে পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়।

এ মামলায় ২০০৯ সালের ২ জুন গ্রেপ্তার করা হয় পিন্টুকে।