পাবনা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে চার জনকে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবনির্বাচিত ইউপি সদস্য সাখাওয়াত হোসেন ও পরাজিত ইউপি সদস্য প্রার্থী গোলাম সারোয়ারের মধ্যে নির্বাচনে জয়-পরাজয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় পুলিশ ১১ রাউন্ড গুলি বর্ষণ করে বলে জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
আটককৃতরা হলেন- ফরহাদ হোসেন (৩৬), জয়নাল আবেদীন (৩৭) শামসুর রহমান (৩৯) ও আলম হোসেন (৩১)।
আহতদের মধ্যে ২০ জনকে বেড়া স্বাস্থ্যকমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পরে পাবনা সদর, সাঁথিয়া ও বেড়া থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪৫ ঘ.
bdnews24