সাভার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাভার উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয় প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে বিরুলিয়া ও পাথালিয়া ইউনিয়নের প্রার্থীদের এসব জরিমানা করা হয় বলে উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মোহাম্মদ মোমিন মিয়া জানান।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান, দেয়ালে পোস্টার লাগানো ও বিভিন্ন স্থানে প্রার্থীদের ছবি সম্বলিত স্টিকার লাগানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন পনির এ জরিমানা করেন।
এদের মধ্যে মাহমুদুর হাসান আলাল, মাকসুদুর রহমান সিজার ও আজগর আলীকে ১০ হাজার টাকা করে, তিন নারী সদস্য ও তিন সাধারণ সদস্য প্রার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাভারের ভাকুর্তা ইউনিয়নের তিন জন চেয়ারম্যান প্রার্থী, ২৩ জন সদস্য প্রার্থী ও তেতুঁলঝোড়া ইউনিয়নের একজন সদস্য প্রার্থীকে এক লাখ ৩৫ হাজার টাকার জরিমানা করা হয়।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪৯ ঘ.
bdnews24