ময়মনসিংহ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থী নিহতের জেরে ময়মনসিংহের তারকান্দায় মঙ্গলবার রাতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার তারাকান্দি থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গত ২ জুন তারাকান্দা থানার রামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে থানা যুবলীগের সাবেক আহবায়ক রিয়াজউদ্দিন দুলাল ও প্রতিবেশী বিএনপির সমর্থক নাজিরুল হক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দু'জনই পরাজিত হন।
এজন্য একে অপরকে দায়ী করে আসছিলেন।
এর জেরে ১৫ জুন রাতে রিয়াজউদ্দিন দুলাল মোটরবাইকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচদিন রাখার পর ঢাকা নেওয়অর পথে মঙ্গলবার তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা নাজিরুল হক তালুকদারসহ এলাকার কয়েকজনের বাড়িতে হামলা, লুটপাট চালায় এবং ৩০টির মতো ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় নারী-পুরুষ-শিশু দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে।
রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষুব্ধ জনতার বাধায় আগুন নেভানোর কাজ করতে পারেনি।
মঙ্গলবার রাতে দেওয়া আগুন বুধবার দুপুরেও জ্বলতে দেখা যায় বলে এলাকাবাসী জানায়।
নিহত দুলালের চাচা ইউসুফ আলী জানান, নির্বাচনের পর বিরোধ চরম আকার ধারণ করে। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুলালকে আহত করার পর মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জুবাইদুর রহমান জানান, দায়িত্বে অবহেলার জন্য তারাকান্দা থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এলাকায় এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বুধবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক নির্বাচন কমিশনারকে জানান, দুলালের সঙ্গে প্রতিপক্ষ নাজিরুলের বিরোধ দীর্ঘদিনের। নির্বাচনে পরাজয়ের পর বিরোধ আরো তুঙ্গে ওঠে। এর জের ধরেই হত্যাকা- হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24