ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবন নির্মাণে ইমারত বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না- তা তদারকির জন্য একটি কর্তৃপক্ষ গঠন করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
বুধবার রূপসী বাংলা হোটেলে 'সরকারি ভবনের নির্মাণ ও রেট্রোফিটিং-এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ভবনকে সহনীয় করা' শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও গণপূর্ত অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে।
ড. রাজ্জাক বলেন, বিল্ডিংকোড অনুসরণ না করে ভবন নির্মাণ করায় ঝুঁকির মাত্রা দিন দিন বাড়ছে। শহরের বাইরেও উপজেলা পর্যায় ও গ্রামাঞ্চলে বড় বড় ভবন নির্মাণ করা হচ্ছে। এসব বিষয় তদারকির জন্য একটি কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। সরকারের চলতি মেয়াদেই এ কর্তৃপক্ষ কার্যকর করা হবে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত তোমাৎসু শিনোৎসুকা ও জাইকার প্রধান প্রতিনিধি ড. তাকাও তোদা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারি ভবনগুলোকে ভূমিকম্প ঝুঁকিমুক্ত করতে জাপান কারিগরি সহায়তা দিচ্ছে। এ জন্য গণপূর্ত অধিদপ্তর চার বছর মেয়াদের এই প্রকল্প গ্রহণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/২১৫৪ ঘ.
bdnews24