নরসিংদী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া রিপনের কান্দাইলের বাড়িতে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপন বিজয়ী হন। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে।
সদর থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, দুপুরে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক তার সমর্থকদের নিয়ে রিপনের বাড়িতে হামলা চালান।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ সময় উভয় পক্ষের ইট-পাটকেলে শেখের চর বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোল্লা টুটুলসহ ১৫ জন আহত হয়।
ওসি জানান, এ ঘটনায় আবু বকর সিদ্দিকসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৫ ঘ.
bdnews24