মুন্সীগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষকের পক্ষে প্রচারণা চালাতে স্কুলের শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ফিরোজের বিরুদ্ধে এ অভিযোগ করে কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
আগামী ২৫ জুন গুয়াগাছিয়া ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
এ ব্যাপারে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমার কাছে অভিযোগ আকারে এসেছে। খোঁজখবর করছি।"
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ফিরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাকে নির্বাচনে হারানোর জন্য একটি মহল এসব মিথ্যাচার করছে।"
গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী উম্মেহানী নির্বাচনী কাজে অংশ নেওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ১১টায় স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষক কামরুল ফিরোজ ছাত্র-ছাত্রীদের তার পক্ষে ভোট চাওয়ার জন্য বিভিন্ন গ্রামে পাঠান।
এছাড়া আরো প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে ইউনিয়নের শিমুলিয়া, বালুয়াকান্দি ও জামালপুরসহ কয়েকটি গ্রামে প্রচারণা চালায় বলে উম্মেহানী জানান।
স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাসি ও খুশি নামের দুই বোনও প্রচারণায় গিয়েছে বলে জানিয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিলও কামরুল ফিরোজ স্কুল ছুটি দিয়ে বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী সভা করেন। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিতও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৮ ঘ.
bdnews24