২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানাকে নির্যাতনের প্রতিবাদে শামিল নারী সাংসদরা

মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের ওপর নির্যাতনকারীর শাস্তি দাবি করেছেন ক্ষমতাসীন মহাজোটের নারী সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের ওপর নির্যাতনকারীর শাস্তি দাবি করেছেন ক্ষমতাসীন মহাজোটের নারী সংসদ সদস্যরা। বুধবার দুপুরে ল্যাবএইড হাসপাতালের সামনে এ কর্মসূচিতে ৩০ জন সংসদ সদস্য অংশ নেন। আওয়ামী লীগ ছাড়াও ন্যাপের সংসদ সদস্য আমেনা আহমেদও এতে অংশ নেন। মানববন্ধনের সময় বক্তব্যে হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, "জাতীয় সংসদের ইতিহাসে এ প্রথম সামাজিক কোনো ইস্যুতে এভাবে নিন্দা জ্ঞাপন করা হচ্ছে।" কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রচলিত আইনে রুমানার ওপর নির্যাতনকারী স্বামী হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন। সংসদ সদস্য তারানা হালিম বলেন, "এ কর্মসূচি কোনো রাজনৈতিক কারণে নয়, সামাজিক প্রচারাভিযানের অংশ হিসেবে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা পথে নেমেছি।" "নির্যাতিত নারী যে দলেরই হোক, সরকার তার পাশে থাকবে", প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন তিনি। নারী নির্যাতন বন্ধে নতুন নারী নীতি দ্রুত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন হুইপ এমিলি। গত ৫ জুন স্বামীর নির্যাতনে চোখ ও নাকে মারাত্মক জখম হন রুমানা। তার দুটি চোখই নষ্ট হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার ১০ দিনের মাথায় গত ১৫ জুন রুমানার স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার করে পুলিশ। মানববন্ধনে উপস্থিত রুমানার বাবা-মা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সাঈদের বিচার নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচির পর সংসদ সদস্যরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রুমানাকে দেখতে যান। সরকারদলীয় সংসদ সদস্য ফজলে নূর তাপসও নারী সংসদ সদস্যদের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৯৪০ ঘ.