২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপরিদর্শক গোলাম রসুল মোল্লার (৪২) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপরিদর্শক গোলাম রসুল মোল্লার (৪২) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক নূর মো. জাহাঙ্গীর সরকার এ পরোয়ানা জারির আদেশ দেন। ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী গত ৯ মে এ আদালতে মামলাটি করেন। বিচারক সেদিনই বাদির বক্তব্য শুনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব পান ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন পাঠান হাকিম। ওই প্রতিবেদন দেখে বুধবার এ ট্রাইবুনালের বিচারক জাহাঙ্গীর সরকার আসামির বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন। মামলায় বলা হয়, বাদির সঙ্গে আসামির গত ২৪ জানুয়ারি ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের দুই মাস পর বাদি আসামিকে মটর সাইকেল কেনার জন্য ২ লাখ টাকা যৌতুক দেন। কিন্তু আসামি আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। দ্বিতীয়বার টাকা দিতে অস্বীকার করায় গত ৫ মে বাদিকে লাঠি দিয়ে বেদম পেটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯১৩ ঘ.