ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনের শাসন ও গণতন্ত্র রক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকার জন্য প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আন্তর্জাতিক জুরিস্ট কাউন্সিল পদক পেয়েছেন।
লন্ডনের বাকিংহাম প্যালেসের পাশে হোটেল ক্রাউন প্লাজায় কাউন্সিলের সম্মেলনে মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধান বিচারপতি লর্ডস ফিলিপস তার হাতে পদক তুলে দেন।
মঙ্গলবার শুরু হওয়া এ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
মঙ্গলবার অনুষ্ঠিত দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় প্রধান বিচারপতি জানান, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারবিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।
অন্যদের মধ্যে সিয়েরালিয়নের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ডিসমন্ড ডি সিলভা, মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ ফয়েজ হোসেইন, কানাডার সুপ্রিম কোর্টের বিচারপতি জেমস স্যারলে এ সম্মেলনে অংশ নিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, জাম্বিয়া, কেনিয়া, মরিশাস, লিথুনিয়া, তাঞ্জানিয়াসহ বিভিন্ন দেশের প্রধান বিচারপতি, বিচারপতি, আইনজীবীরা এতে অংশ নেন।
সম্মেলনে যোগ দিতে মো. মোজাম্মেল হোসেন গত ১৮ জুন ঢাকা ত্যাগ করেন। আগামী ২৫ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯০৯ ঘ.
bdnews24