ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রাপাচার মামলার রায় ঘোষণা হবে বৃহস্পতিবার।
গত ১৯ জুন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন রায়ের এই দিন ধার্য করেন।
এ আদালতের পেশকার আরিফুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে এ মামলার রায় হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা আবু সাঈদ ২০০৯ সালের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করেন। সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকেও এতে আসামি করা হয়।
এতে অভিযোগ করা হয়, সায়মনের সহায়তায় কোকো অবৈধ উপায়ে অর্জিত ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচার করেছেন।
ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে গত ৬ জুন পুরনো আইনে (২০০৯ সালের বদলে ২০০২ এর আইনে) নতুন করে এ মামলার অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষীর মধ্যে ২১ জনের বক্তব্য শোনে আদালত।
দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের বিচারে কোকো ও সায়মন দোষী প্রমাণিত হলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ১৩ (২) ধারা অনুযায়ী ৬ মাস থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।
কোকোর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত দ্রুততম সময়ে ২১ জনের সাক্ষ্য নিয়েছে। আদালতের নথিতে কোকোকে পলাতক দেখানোয় সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। ফলে এই রায় হবে একতরফা।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কোকোকে গ্রেপ্তার করা হলেও ২০০৮ সালের মে মাসে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি।
গত বছরের ১৯ অগাস্ট প্যারোল বাতিল করে ৩১ অগাস্টের মধ্যে কোকোকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোকো না ফেরায় তাকে পলাতক দেখিয়েই বিচার শুরু করে আদালত। সায়মনকেও এ মামলায় পলাতক দেখানো হয়েছে।
কোকোর আইনজীবী জানিয়েছেন, কোকোর বিরুদ্ধে আরো চারটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/আরএ/জেকে/১৮৫১ ঘ.
bdnews24