২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৪ জলদস্যু নিহত

বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চার জলদস্যু নিহত হয়েছে। আহত হয়েছে র‌্যাবের চার সদস্য। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

বরগুনা/বাগেরহাট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চার জলদস্যু নিহত হয়েছে। আহত হয়েছে র‌্যাবের চার সদস্য। বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বড় শেলার খালপাড়ে এ 'বন্দুকযুদ্ধ' হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালী কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সংগঠিত 'বন্দুকযুদ্ধে' জুলফু বাহিনীর প্রধানসহ চার জন নিহত হন। এসময় র‌্যাবের সঙ্গে জলদস্যুদের প্রায় ছয়শ' রাউন্ড গুলি বিনিমিয় হয় বলে জানান তিনি। নিহতরা হলেন- জুলফিকার আলী ওরফে জুলফু, হাফিজুর রহমান, সানোয়ার হোসেন ওরফে সানু, জাকির হোসেন ওরফে মেঘনা জাকির। স্থানীয় জেলেরা নিহতদের লাশ সনাক্ত করে। দুপুরে র‌্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সাব্বির ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের তিনটি দল সুপতি এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৯টার দিকে বড় শেলার খালপাড়ে একটি ট্রলারকে চ্যালেঞ্জ করে তারা। এ সময় ট্রলারে থাকা আট-দশজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। তিনি বলেন, প্রায় দেড় ঘণ্টা গোলাগুলির পর জলদস্যুরা পিছু হটে। পরে সেখান থেকে চার জলদস্যুর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা লাশগুলো সনাক্ত করে। ঘটনাস্থল থেকে আটটি আগ্নেয়াস্ত্র, ১৪১টি গোলাবারুদ, ৬০টি গুলির খোসা, একটি ট্রলার, দূরবীন ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান। বাগেরহাটের শরণখোলা থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/এমআই/১৪২০ ঘ.