২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে দুই দিনের মাথায় চোর সন্দেহে আরো এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে দুই দিনের মাথায় চোর সন্দেহে আরো এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। পুলিশ যুবককে সনাক্ত করতে না পারলেও মর্গে এসে লাশ সনাক্ত করেন নিহতের ভাই মো. সেলিম। নিহতের নাম বাদশা সরদার (৩২)। বাসা কেরানীগঞ্জের নুরুন্ধি গ্রামে। গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ফারুক নামে এক জন মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বাদশাকে ডেকে নেয়। এরপরই পিটিয়ে হত্যা করা হয় তাকে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাক্তার খলিলুর রহমানের বাড়িতে রাতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা যায় ওই যুবক। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গরু চোরদের হামলায় ওই বাড়ির কয়েকজন আহত হয় বলেও তানভির জানান। সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জে হাসনাবাদে সুমন (৩০) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। সুমনের মা-ও দাবি করেছিলো, তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের হিসেব অনুযায়ী, গত দুই বছরের কেরানীগঞ্জে চোর, ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে অন্তত ১৪ জনকে পিটিয়ে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৩০ ঘ.