কক্সবাজার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় মিয়ানমারে আটকেপড়া ৬০ বাংলাদেশি তিন মাস পর দেশে ফিরেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মঙ্গলবার বিকালে একটি ইঞ্জিনচালিত ট্রলারে তাদের কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নামিয়ে দেওয়া হয়।
তবে ৬০ জনের মধ্যে ৩৫ জনকে উদ্ধার করতে পেরেছে বিজিবি সদস্যরা। বাকি ২৫ জন নামার পরপরই পালিয়ে যান।
বিজিবির টেকনাফ সদর সীমান্ত চৌকির (বিওপি) সুবেদার জজ মিয়া সাংবাদিকদের জানান, একটি ট্রলারে মিয়ানমার থেকে লোকজন উপকূলে নামছে খবর পেয়ে তারা সেখানে যান। বাংলাদেশ সীমান্তের নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেটের কাছে ওই ৬০ জনকে নামিয়ে দিয়ে চলে যায় ট্রলারটি।
"ওই ট্রলারে আসা ৩৫ জনকে আমরা পেয়েছি। ওই ট্রলারে আরো বাংলাদেশি ছিলো বলে প্রত্যক্ষদর্শী ও হেফাজতে আসা বাংলাদেশিরা জানিয়েছেন", বলেন তিনি।
ফেরত আসা টেকনাফের নাইট্যংপাড়ার রহমত উল্লাহ (৩০) সাংবাদিকদের জানান, গত ২১ মার্চ রাতে কক্সবাজার শহরের কস্তুরা ঘাট এলাকা থেকে ১৪৬ জন লোক নিয়ে ট্রলারে চড়ে মালয়েশিয়া রওনা হন তারা। ১৩ দিন পর ৩ এপ্রিল ট্রলারটি মিয়ানমারের ইয়াঙ্গুনের পশ্চিম এলাকায় পৌঁছলে ট্রলারের মাঝিমাল্লারা মালয়েশিয়া পৌঁছেছে বলে তাদের উপকূলে নামিয়ে দেয়।
"আমরা সবাই হতাশ হয়ে স্বেচ্ছায় মিয়ানমার সরকারের শরণাপন্ন হই। মিয়ানমারের প্রশাসন আমাদের কারাগারে পাঠিয়ে দিয়েছিলো", বলেণ তিনি।
কক্সবাজার ফদনার ডেইলের হাফেজ আহমদ ও চকরিয়া খরিয়াঘোনা এলাকার মো. সেলিম (২২) সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও মিয়ানমারের কতিপয় এলাকার চিহ্নিত দালাল জনপ্রতি ১০-৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে মিয়ানমারের ৮৭ জন এবং বাংলাদেশের ৬০ জনকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার নামে প্রতারণা করে।
প্রতারক হিসেবে কক্সবাজারে অবস্থানকারী মিয়ানমারের বাসিন্দা আবদুর রহিম, টেকনাফ বড়ইতলি এলাকার রুহুল আমিন, শাহপরীর দ্বীপের নুর মোহাম্মদ মাঝি ও শুক্কুর মাঝি, খুটাখালীর খালেদা বেগম, উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের কবির আহমদ ও কক্সবাজার ফদনার ডেইলের রশিদ মাঝির নাম উল্লেখ করেন তারা।
টেকনাফ থানার ওসি মাহবুবুল হক সাংবাদিকদের জানান, উদ্ধার ৩৫ বাংলাদেশিকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তাস্তর করা হবে।
গত ২ জুন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংসদে জানান, মিয়ানমারে ৬৪ জন বাংলাদেশি আটক রয়েছেন।
তবে এদের ধরেই সরকারি হিসাব করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
যারা ফিরেছেন
চট্টগ্রাম বাঁশখালীর কন্দাপাড়া এলাকার মৃত সাশিরাম দাশের ছেলে সুজিত দাশ (২৫), মৃত শশী রায় দাশের ছেলে কৌশিক দাশ (৪৮), বাঁশখালী উত্তরছড়া এলাকার শামশুল ইসলামের ছেলে আবদুস সবুর (৪০), কক্সবাজার খুটাখালীর মৃত নুরুল ইসলামের ছেলে হাবিবুল আলম, ছব্বির আহমদের ছেলে মো. ইউনুছ (১৭), দক্ষিণপাড়ার কাশেম আলীর ছেলে মো. ফিরোজ (২৪), একই এলাকার আবুল কালামের ছেলে বাদশা মিয়া (১৭), নয়াপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে জালাল আহমদ (৪৭), পূর্ব নয়াপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে নুরুল হক (২৬), ফজল করিমের ছেলে মোজাহার আহমদ (৩৭), মৃত নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), একই এলাকার মনজুর আলমের ছেলে রুহুল আমিন, সুলতান আহমদের ছেলে আবদুল্লাহ (৩০), গর্জনিয়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে ওলা মিয়া (২৫), চন্দনাইশ ধোপাছড়ি এলাকার বাছা মিয়া মিয়ার ছেলে কালু (৪৫), চকরিয়া খরিয়াঘোনা এলাকার মো. শফির ছেলে মো. সেলিম (২২), আক্তার হোসেনের ছেলে নুর মোস্তফা (২৫), পালংখালী এলাকার সুরত আহমদের ছেলে রুহুল আমিন (২২), কাকাড়া এলাকার নজির আহমদের ছেলে মিজানুর রহমান (২৪), রুহুল আমিনের ছেলে মো. জোহার, ঈদগাহ বাংলাবাজার এলাকার মো. হাকিমের ছেলে ইয়াছিন (২২), একই এলাকার মো. হোছনের ছেলে এছারুল হক, ফাইস্যাখালী দক্ষিণঘোনা এলাকার আবু তালেবের ছেলে ইব্রাহিম (১৯), সিকদার পাড়া এলাকার ফরিদ আলমের ছেলে মো. জয়নাল (২৪), টেকনাফ নাইট্যংপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে আবদুল মজিদ (২০), মো. ছিদ্দিকের ছেলে রহমত উল্লাহ (৩০), শাহপরীর দ্বীপ করাচিপাড়ার আলী আহমদের ছেলে মো. আলম (১৮), মহেশখালী শামলাপুর এলাকার আবু তালেবের ছেলে শহিদুল ইসলাম (১৮), তার সহোদর আক্তার মিয়া (৩০), রামুর মো. ইসমাইলের ছেলে আমিন উদ্দিন (২০), মরিচ্যা কাটাবনিয়া এলাকার মৃত গোলাম নবীর ছেলে ফরিদ (২৫), বান্দরবান আলীকদম নয়াপাড়া এলাকার মো. শামশুল আলমের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও কক্সবাজার ফদনার ডেইলের আলী আকবরের ছেলে হাফেজ আহমদ (৫২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.
bdnews24