ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় উড়ালসড়ক নির্মাণে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি বিল অনুমোদনের জন্য সংসদে উত্থাপন হয়েছে।
'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ-২০১১' শিরোনামের বিলটি মঙ্গলবার বিকেলে উত্থাপন করেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
গত ২২ মে অধিবেশনের প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ-২০১১ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী এটি সংসদে উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
এটি চলতি বছরে প্রণীত একমাত্র অধ্যাদেশ।
সংসদে কোনো অধ্যাদেশ উপস্থাপনের পরবর্তী ৩০ দিনের মধ্যে সেটি আইনে পরিণত করতে বিল আকারে সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।
গত ১২ এপ্রিল এই অধ্যাদেশ প্রণয়নের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। ৯ মে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২২১৫ ঘ.
bdnews24