ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সুশীল সমাজ সরকারের কাছে আরো বেশি কিছু আশা করে উল্লেখ করে সফররত জার্মান মন্ত্রী ডির্ক নিয়েবেল বলেছেন, প্রত্যাশা পূরণ না হওয়ায় তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী ডির্ক নিয়েবেল বলেন, "সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে।"
ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গসও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চার দিনের সফরে সোমবার ঢাকা পৌঁছানোর পর দুই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তারা।
ডির্ক নিয়েবেল বলেন, "একটি দেশের কার্যকর পরিবর্তনগুলো সমাজের ভেতর থেকেই আসে। আর সুশীল সমাজ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
সমাজ ও দেশের স্বার্থেই রাজনীতিবিদদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন নিয়েবেল।
"একসঙ্গে কাজ করলে তা রাজনীতিবিদদের জন্যও মঙ্গলজনক হবে।"
বাংলাদেশকে একটি 'স্থিতিশীল রাষ্ট্র' অভিহিত করে এই জার্মান মন্ত্রী বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য পূরণ করে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভবনা বাংলাদেশের রয়েছে।
সরাসরি বিদেশি বিনিয়োগ পাওয়ার জন্য দুর্নীতি দূর করা জরুরি উল্লেখ করে নিয়েবেল বলেন, দেশ দুর্নীতিগ্রস্ত হলে বিদেশি বিনিয়োগ না আসার একটি আশঙ্কা থেকেই যায়।
তিনি বলেন, জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির এই যৌথ সফর বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ 'রাজনৈতিক সংকেত'।
ইইউ কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গস বলেন, দারিদ্র দূর করার জন্য বাজার উন্মুক্ত করা জরুরি।
"বাংলাদেশ বছরে যে ১৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে, তার অর্ধেকটাই কেনে ইউরোপ। বাজার উন্মুক্ত হওয়ার কারণেই বাংলাদেশে এই খাতে বহু মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে।"
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য পূরণে ইইউ বাংলাদেশকে সহযোগিতা করতে প্রতিশ্র"তিবদ্ধ উল্লেখ করে কমিশনার বলেন, "একসঙ্গে কাজ করতে পারলে ২০১৫ সালের মধ্যে লক্ষ্য অর্জন সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১৪৭ ঘ.
bdnews24