২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীরা সংসদে নেই, সাংসদরা ক্ষুব্ধ

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনায় অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনায় অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। মঙ্গলবার ২০১১-'১২ অর্থবছরের বাজেট আলোচনায় মাগরিবের নামাজের বিরতির পর জাতীয় সংসদে এক পর্যায়ে অধিকাংশ মন্ত্রীর উপস্থিত থাকার রুলিং দিয়েছেন স্পিকার। জ্যেষ্ঠ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি উত্থাপন করলে এ নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। স্পিকার আব্দুল হামিদও মন্ত্রীদের অনুপস্থিতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, "বিশেষ জরুরি প্রয়োজনে অনেক ক্ষেত্রে দু'চার ছয় আনা মন্ত্রী অনুপস্থিত থাকতে পারেন। কিন্ত এখন দেখছি ১৪ আনা মন্ত্রীই অনুপস্থিত।" পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদ সদস্যরা বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিচ্ছেন। এখানে বাজেট আলোচনা চলছে। অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রীসহ মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই অনুপস্থিত আছেন। "মন্ত্রিসভার সদস্যরা যদি মনে করেন এখানে (সংসদে) সংসদ সদস্যরা অপ্রাসঙ্গিক বক্তব্য রাখেন, তাহলে এটি অনভিপ্রেত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় উপস্থিত থাকেন। অথচ মন্ত্রিসভার সদস্যরা থাকছেন না। এসব মন্ত্রীরা যদি মনে করেন এই সংসদ তাদের জন্য বোঝা হয়ে আছে তাহলে আমাদের মাফ করতে পারেন।" এ সময়ে স্পিকারও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "আমি অর্থ মন্ত্রণালয়ের দু'জন কর্মকর্তাকে নোট নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছিলাম। আজ তাদেরও দেখছি না।" সংসদে বাজেট আলোচনায় অধিকাংশ মন্ত্রীর উপস্থিত থাকা উচিত বলে রুলিং দেন আবদুল হামিদ। এ সময় ফ্লোর নিয়ে হুইপ আসম ফিরোজ বলেন, মন্ত্রীরা সংসদেই আছেন। তাদের অফিসে বা লবিতে বসে তারা বাজেট আলোচনা শুনছেন। পরে ফ্লোর নিয়ে তার এই বক্তব্যের বিরোধিতা করেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। তিনি বলেন, "বাজেট অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী থাকতে পারে। অথচ সরকারের মন্ত্রীরা উপস্থিত থাকছেন না। যেখানে প্রধানমন্ত্রী নিয়মিত উপস্থিত থাকেন, সেখানে মন্ত্রী থাকতে পারছেন না কেনো? তাদেরকে অবশ্যই সংসদে থাকতে হবে।" এ সময় চিফ হুইপ আব্দুস শহীদ জানান, সংসদ অধিবেশনে সব মন্ত্রণালয়ের কাউন্সিল অফিসাররা রয়েছেন। তারা নোট নিচ্ছেন। মন্ত্রীরাও সংসদে নিয়মিত থাকছেন। এরই মধ্যে সংসদ অধিবেশনে এসে হাজির হন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি ফ্লোর নিয়ে বলেন, "আমি অধিবেশনে নিয়মিত আসার চেষ্টা করছি। তারপরও আমাদের অফিসাররা নিয়মিত নোট নিচ্ছেন। সেগুলো দেখার সৌভাগ্য আমার হচ্ছে। এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।" মন্ত্রীদের উপস্থিতি নিয়ে স্পিকারের রুলিং পরে এক রুলিংয়ে স্পিকার আব্দুল হামিদ বলেন, "যে সংসদ সদস্য বক্তব্য রাখছেন তারও একটি সেটিসফেকশনের ব্যাপার রয়েছে। কিন্তু মন্ত্রীরা অনুপস্থিত, না থাকলে সেটি খারাপ দেখা যায়। বাজেট আলোচনায় সব মন্ত্রী না থাকতে পারলে অন্তত ৫০ শতাংশ মন্ত্রীর উপস্থিত থাকা উচিত।" এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকেন। একেবারে জরুরি কাজ ছাড়া তিনি বাইরে যান না। এ আলোচনার সময় সংসদ নেতা, অর্থমন্ত্রীসহ অধিবেশনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী । বিকাল ৫ টা ২৫ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে বাজেট আলোচনায় অংশ নেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের সাইদুর রহমান, অপু উকিল, মুহিবুর রহমান মানিক, হাফিজ উদ্দিন মজুমদার, রুবী রহমান, তহুরা আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১১৮ ঘ.