২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে ভোটের পরে সংঘর্ষে আহত ২৫

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভোটের পর পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

মাদারীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় ভোটের পর পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উভয় পক্ষের সমর্থকই রয়েছে। তাদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর বাজারে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থী বিভূতিভূষণ বাড়ৈ ও মিন্টু সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী বিমল নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে মিন্টু সরকারের সমর্থক বলরাম মিস্ত্রি, সঞ্জয় মিস্ত্রি ও রনজিৎ মিস্ত্রির নেতৃত্বে ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বিভূতিভূষণ বাড়ৈ এর সমর্থকদের উপর হামলা চালায়। এসময় বিভূতিভূষণ বাড়ৈ এর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। আহতদের মধ্যে রয়েছে প্রিয়লাল রায় (৬০), বাদল রায় (৪৫), রমনি রায় (৬০), নারায়ণ রায় (৭০), মনিন্দ্র রায় (৪৫), ঊষা রায় (৫০), রমনি কান্ত (৫৫), অনিতা রায় (৪৫), অনিন্দ্র সরকার (৩৫), স্বপন সরকার (২৮), অনুপম সরকার (২৯), তাপস সরকার (২৫), সজল সরকার (৩০), প্রিয় সরকার (৪৫)। নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভূদেব বাড়ৈ বলেন, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা চলছিল। কালকিনি থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫৫ ঘ.