২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার ৩ আইনজীবীর আপিল, শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে

বগুড়ার তিন সরকারি আইনজীবীকে অব্যাহতি দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার তিন সরকারি আইনজীবীকে অব্যাহতি দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। তিন আইনজীবী সোমবার এ আবেদন করেছিলেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ২৩ জুন শুনানির দিনও ঠিক করেছেন চেম্বার বিচারপতি। একটি হত্যামামলা খারিজ করে দেওয়ার ঘটনায় তিন আইনজীবীকে সাময়িকভাবে অব্যাহতি দিতে গত ১৫ জুন আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। আইনজীবীরা হলে পাবলিক প্রসিকিউটার (পিপি) আবদুল মতিন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোদা বকশ তালুকদার ও খায়রুল বাশার। একই ঘটনায় বগুড়ার জেলা ও দায়রা জজ মফিজুল ইসলামের ভূমিকা তদন্ত এবং তাকে সাময়িকভাবে বিচারকাজ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়। এর বিরুদ্ধে আপিলের আবেদন হলেও তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন চেম্বার বিচারপতি। দৈনিক ডেসটিনিতে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জজ মফিজুল ইসলাম এবং ওই আদালতের সঙ্গে সংশ্লিষ্ট পিপি আব্দুল মতিনকে তলবও করেছিলো। দৈনিক ডেসটিনিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, '২০০৭ সালের ২৯ ডিসেম্বর ডা. এম এম ইয়াতিমুল হক শুভ্র বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর টুপিপাড়া এলাকায় প্রথম স্ত্রী জুলেখা খাতুনের বাড়িতে খুন হন। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদি হয়ে প্রথম স্ত্রী জুলেখা খাতুনসহ ১১ জনকে আসামি করে কাহালু থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর জুলেখা খাতুন সাক্ষীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। তবে জুলেখা ও আঞ্জুয়ারার মধ্যে আদালতের বাইরে আপস হওয়ায় জেলা ও দায়রা জজ মফিজুল ইসলাম শুনানির দিন মামলাটি খারিজ করে দেন।' এতে আরো বলা হয়, ওই আপস মীমাংসার কারণে শুভ্র হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামি পার পেয়ে গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর রহস্যজনক ভূমিকায় শুনানির দিন হত্যা মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০০ ঘ.