২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীর সমর্থকের বাড়িতে খাওয়ার পর জেলের ভাত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর সমর্থকের বাড়িতে খাওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছায় একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর সমর্থকের বাড়িতে খাওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছায় একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার কারাদণ্ড দেওয়া হয় হানিফ মিয়া নামে ওই নির্বাচন কর্মকর্তাকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ কুমারগাতা ইউনিয়নের কান্দুলিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন। ওই কেন্দ্রে নতুন এক জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুক্তাগাছা থানার ওসি মীর রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় কেন্দ্র পরিদর্শন শেষে রাতে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে খাওয়া-দাওয়া করেন। এর ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম লোকমান হোসেন তিন দিনের কারাদণ্ড দেন হানিফকে। ওই ইউনিয়নে মঙ্গলবার ভোট চলছে। নির্বাচনে গোলযোগের খবর দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। এ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৩ জন, সাধারণ সদস্য পদে ৪৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.