নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ডারবান থেকে
ডারবান, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশসহ ৫৮টি উন্নয়নশীল দেশে ধাত্রীসেবার উন্নতির মাধ্যমে প্রতিদিন প্রায় এক হাজার গর্ভবতী ও প্রসূতির মৃত্যু রোধ করা সম্ভব- বলছে ইউএনএফপিএ'র এক প্রতিবেদন।
সোমবার প্রকাশিত ইউএনএফপিএ'র সমন্বিত বিশ্ব ধাত্রীসেবা পরিস্থিতি-২০১১ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের মধ্যে ধাত্রীসেবার উন্নতির মাধ্যমে মাতৃমৃত্যু রোধের ওই লক্ষ্য অর্জন সম্ভব।
ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভসের (আইসিএম) ২৯তম ত্রিবাষির্ক কংগ্রেসে এ প্রতিবেদন প্রকাশ হয়। এ ধরনের প্রতিবেদন এটিই প্রথম।
সরকারি পর্যায়ে ধাত্রীবিদ্যাকে একটি সুনির্দিষ্ট পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এ বিষয়ে জাতীয় পর্যায়ে নীতি গ্রহণ করা প্রয়োজন বলে প্রতিবেদনে মত দেওয়া হয়েছে।
প্রতিবেদন অবমুক্ত করতে গিয়ে জাতিসংঘ জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিলের (ইউএনএফপিএ) আফ্রিকা অঞ্চলের পরিচালক বুনমি মাকিনওয়া বলেন, আরো বেশি স্বাস্থ্যকর্মীদের ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণ যে জরুরি এ প্রতিবেদন তারই ইঙ্গিত।
'প্রশিক্ষিত ধাত্রী ছাড়া লক্ষ্যপূরণ হবে না'
প্রতিবেদনে বলা হয়েছে, আরো এক লাখ ১২ হাজার প্রশিক্ষিত না হলে ৫৮টি উন্নয়নশীল দেশের ৩৮টিই ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পঞ্চমটি অর্জন করতে পারবে না।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পঞ্চমটি হলো প্রশিক্ষিত ব্যক্তির উপস্থিতিতে সন্তান জন্মদানের মাধ্যমে মাতৃমৃত্যুর হার কমানো। বিশ্বে এখনো সাড়ে তিন লাখ ধাত্রী প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ক পুরনো পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে মাতৃমৃত্যুর সংখ্যা প্রতি এক লাখে ৩৪০, যার মানে হলো ওই পঞ্চম লক্ষ্য অর্জন থেকে বাংলাদেশ বহু পিছিয়ে রয়েছে।
কিন্তু বাংলাদেশের মাতৃমৃত্যু জরিপ ২০১১ অনুযায়ী প্রতি লাখে যেখানে ২০০১ সালে ছিলো ৩২২ তা ২০১০ সালে ১৯৪-এ নেমে এসেছে।
প্রতিবেদনের সমন্বয়ক ইউএনএফপিএ'র মাতৃস্বাস্থ্য উপদেষ্টা ভিনসেন্ট ফভিউ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সব দেশের ক্ষেত্রে একই উৎস থেকে তথ্য-উপাত্ত ব্যবহার করেছেন।
"আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ইউএনএফপিএ ও ইউনিসেফের ২০০৮ সালের যৌথ পরিসংখ্যান ব্যবহার করেছি। তবে পরে আমরা এ বাংলাদেশের উন্নতির কথা জানতে পেরেছি।"
বাংলাদেশের ধাত্রীবিদ্যা পরিকল্পনা ও কৌশল বিষয়ক কার্যক্রমের কেন্দ্রীয় কর্তা ডা. খালেদ শামসুল ইসলামও এ সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেদন প্রকাশের পরপরই তিনি ইউএনএফপিএ'র সমন্বয়কের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, ওরা ২০১০ সালে তথ্য সংগ্রহ করেছে। অন্যদিকে আমাদের প্রতিবেদন প্রকাশ হয়েছে গত ফেব্র"য়ারিতে।
২০১৫ সালের মধ্যে তিন হাজার প্রশিক্ষিত ধাত্রী তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
ইউএনএফপিএ'র যৌন ও প্রজনন স্বাস্থ্য শাখার প্রধান লরা লাস্কি বাংলাদেশের এ পরিকল্পনার প্রশংসা করেন।
বাংলাদেশের কিশোরীদের জন্য প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/২৩৪৯ ঘ.
bdnews24