২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসল অপরাধীদের আড়াল করা হয়েছে: আসমা

শাহ এএমএস কিবরিয়া হত্যামামলার সম্পূরক অভিযোগপত্রেও 'আসল অপরাধীদের' আড়াল করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক এ অর্থমন্ত্রীর স্ত্রী আসমা কিবরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ২০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- শাহ এএমএস কিবরিয়া হত্যামামলার সম্পূরক অভিযোগপত্রেও 'আসল অপরাধীদের' আড়াল করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক এ অর্থমন্ত্রীর স্ত্রী আসমা কিবরিয়া। সম্পূরক অভিযোগপত্রে লোক দেখানোর জন্য নতুন করে কয়েকজন হুজি [হরকাতুল জিহাদ] টাইপের 'চুনোপুঁটির নাম' অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন আসমা। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মুফতি হান্নানসহ নতুন ১৪ জনের নাম অন্তর্ভুক্ত করে সোমবার সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী ২৪ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইবুন্যাল আদালতে এ মামলার শুনানি হবে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হন। কিবরিয়া ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ওই ঘটনার পরদিন হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হলেও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটির কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। ২০০৫ সালের ১০ মার্চ ১০ জনকে আসামি করে হত্যা মামলায় অভিযোগপত্র দেন সিআইডির তখনকার সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান। এরা হলেন- তখনকার শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ূম, যুবদল নেতা জয়নাল আবেদীন জালাল, জমির আলী, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন মুমিন, সাহেদ আলী, সেলিম আহমেদ, আয়াত আলী, মুহিবুর রহমান ও কাজল মিয়া। সম্পূরক অভিযোগপত্রে বাবর-হান্নান ছাড়া অন্য আসামিরা হলেন- মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জান্দাল মাসুম বিল্লাহ, মুফতি আব্দুল হান্নান মুন্সী ওরফে আবুল কালাম ওরফে আব্দুল মান্নান, মুহিব উল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ সাহেদুল আলম বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ লিমু, মো. বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিজান মিটু, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মো. আব্দুল মাজেদ ভাট, মাওলানা মো. তাজ উদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, মোহাম্মদ আলী এবং বদরুল মো. আব্দুল বারীক। 'তৎকালীন সরকারের অনেক উচ্চপদস্থ জড়িত' সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে আসমা কিবরিয়া বলেন, "আগের অভিযোগপত্রের সঙ্গে নতুন এই সম্পূরক অভিযোগপত্রের তেমন কোনো পার্থক্য নেই । "সম্পূরক অভিযোগপত্রেও আসল অপরাধীদের আড়াল করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ও সরকারের আন্তরিকতার অভাবেই আসল অপরাধীরা থেকে গেছে ধরা ছোয়ার বাইরে। হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। এর পর তত্ত্বাবধায়ক সরকারও এ মামলাটি গুরুত্বের সাথে দেখেনি।" বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আশাবাদী হয়েছিলেন উল্লেখ করে আসমা কিবরিয়া বলেন, কিন্তু এই সম্পূরক অভিযোগপত্র দেখে আমরা খুবই হতাশ হয়েছি। সরকারের আন্তরিকতা থাকলে প্রকৃত অপরাধীদের অবশ্যই খুঁজে বের করা যেত। তিনি কাদের অপরাধী বলে মনে করেন জানতে চাইলে সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী বলেন, আমি তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা নই। তাই আমি কোনো ব্যক্তিকে অভিযুক্ত করতে পারি না। "তবে তৎকালীন সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল।" হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তার শুরু করা 'শান্তির পক্ষে নীলিমা' কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "তৎকালীন সরকারের আমলে আমি এই আন্দোলন শুরু করেছিলাম। এরপর তত্ত্বাবধায়ক সরকার আমাকে আন্দোলন চালিয়ে নিতে দেয়নি।" সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রয়োজনে 'শান্তির পক্ষে নীলিমা' আন্দোলন আবারও শুরু করতে পারেন বলে জানান আসমা কিবরিয়া। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১৫৬ ঘ.