ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রাখায় গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং সোমবার সকালে গণভবণে সাক্ষাতে শেখ হাসিনা এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সম্পর্ক ভালো বলে শেখ হাসিনা ও বিজয় কুমার সিং উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, সরকার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। দু'দেশের কর্মকর্তাদের পারস্পরিক সফরের মধ্য দিয়ে সম্পর্ক আরো জোরদার হয়। এই ধরণের সফর আরো জোরদার করতে হবে।
আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সরকার ও জনগণের সাহায্য-সহযোগিতা এবং ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের দুর্লভ ছবি এবং ভারতীয় প্রচার মাধ্যমে মুক্তিযুদ্ধ চলাকালে রণাঙ্গন ও মুক্তিযোদ্ধাদের ছবি উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র, প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব সালাউদ্দিন মিয়াজী প্রমুখ।
বিজয় কুমার সিং পাঁচ দিনের সফরে রোববার দুপুরে ঢাকা এসেছেন। তার স্ত্রী ভারতী সিং এবং চারজন সেনা কর্মকর্তার তার সফরসঙ্গী।
২২ জুন বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে (বিএমএ) 'পাসিং আউট' অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করার কথা রয়েছে তার।
বিজয় কুমার ১৯৭১ সালে একজন নবীন অফিসার হিসেবে মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে কেবল তিনিই এখন চাকরিরত।
মিলিটারি অ্যাকাডেমির 'পাসিং আউট' প্যারেডে ভারতের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানানোকে সরকারের 'রাজনৈতিক চাল' অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১২৬ ঘ.
bdnews24