২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের গুলিতে আহত রহিমা কারাগারে

র‌্যাবের গুলিতে আহত কিশোরগঞ্জ জেলার ভৈরবের রহিমা বেগমকে (৪০) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

কিশোরগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের গুলিতে আহত কিশোরগঞ্জ জেলার ভৈরবের রহিমা বেগমকে (৪০) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে র‌্যার-১১ এর একটি দল রহিমা বেগমকে কিশোরগঞ্জের দুই নম্বর আমলি আদালতে হাজির করে। এসময় কোর্ট উপ-পরিদর্শক শফিকুল ইসলাম মুকুল রহিমার বিরুদ্ধে ভৈরব থানায় দায়ের করা দু'টি মামলায় গ্রেপ্তারের আবেদন করেন। বিচারিক হাকিম বিল্লাল হোসেইন রহিমাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান কোর্ট উপ-পরিদর্শক মুকুল। ভৈরবের পঞ্চবটি এলাকার বাসিন্দা রহিমা বেগম (৪০) গত ৩ জুন গুলিবিদ্ধ হন। রহিমার স্বজনদের দাবি, তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেছে সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা। অন্যদিকে র‌্যাব বলেছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে 'দুর্ঘটনাবশত' গুলিবিদ্ধ হয়েছেন রহিমা। ৩ জুন বিকালে ভৈরবে ওই ঘটনার পর ৬ সন্তানের জননী রহিমাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক মোফাখখারুল ইসলাম বাদী হয়ে ভৈরব থানায় দুটি মামলা দায়ের করেন। রহিমা বেগমের বিরুদ্ধে ৪১ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং র‌্যাবের কাজে বাধাদানসহ অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরেকটি মামলা করা হয়। মাদকের মামলায় রহিমা বেগম ছাড়াও ফারুক (২৮) ও আলমসহ (৩২) ৪/৫ জনকে আসামি করা হয়। অপরদিকে সরকারি কাজে বাধাদানের মামলায় ফারুক ও রহিমা বেগমকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৮ ঘ.

এ সম্পর্কিত আরো খবর