২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের নতুন ভাড়া কার্যকর মঙ্গলবার

লঞ্চের নতুন নির্ধারিত ভাড়া কার্যকর হচ্ছে মঙ্গলবার। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কৃর্তপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চের নতুন নির্ধারিত ভাড়া কার্যকর হচ্ছে মঙ্গলবার। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কৃর্তপক্ষ। নতুন হার অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১২ পয়সা বেশি হিসেবে একশ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৩০ পয়সা, যা আগে ছিলো এক টাকা ১৮ পয়সা। একশ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া হবে এক টাকা, যা আগে ছিলো ৮৮ পয়সা। ন্যূনতম ভাড়া ১০ টাকার পরিবর্তে ১২ টাকা। গত ১৪ জুন নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক সভায় প্রতি কিলোমিটারে ভাড়া ১২ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়। নৌযান মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ভাড়া পুনর্র্নিধারণের সিদ্ধান্ত দেন। ঢাকা থেকে বগা পুনর্র্নিধারিত ভাড়া ২৬৮ টাকা, ঢাকা থেকে পটুয়াখালী ২৮২ টাকা, ঢাকা-ভোলা-খেয়াঘাট ২২৫ এবং ঢাকা-বরিশাল ২০৫ টাকা। লঞ্চের ডেক শ্রেণীর ভাড়ার পাঁচ গুণ হবে বিশেষ সেলুনের ভাড়া, সাধারণ কেবিনের ভাড়া চার গুণ ও প্রথম শ্র্রেণীর ভাড়া হবে এর দ্বিগুণ। সোমবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কৃর্তপক্ষের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের জারি করা বর্ধিত ভাড়া বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেজন্য বন্দরগুলোতে তদারকি দল মঙ্গলবার থেকে নিয়োজিত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে নৌযানের সময়সূচি প্রত্যাহার/স্থগিত বা বাতিল করা হবে। যাত্রীদের দেখার সুবিধার্থে ভাড়াসূচি নৌ-যানের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। গত ৫ মে সিএনজি এবং ৮ মে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর বাসভাড়া বৃদ্ধি করা হয়। লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার আবেদনে নৌপরিবহন মন্ত্রণালয় নৌপথের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন সংস্থা) চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত ভাড়াই নেওয়া হবে, অতিরিক্ত ভাড়া কখনো আদায় করা হবে না। এ ব্যাপারে নৌযান মালিক ও কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৩৭ ঘ.