২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরার বৈকারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

সাতক্ষীরা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বৈকারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে। সোমবার ভোরে সংঘটিত এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। আহত বাংলাদেশি মমিনুর রহমান মিলন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আব্দুর রহিম গাইনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় বৈকারি সীমান্ত দিয়ে অবৈধভাবে ২০-২৫ জন বাংলাদেশি ভারতে গরু আনতে যায়। সোমবার ভোরে দেশে ফেরার সময় ভারতের বসিরহাট মহকুমার কৈজুড়ি সীমান্ত ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় মিলন পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে এনে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। সাতক্ষীরা-৪১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বৈকারি সীমান্তে মেইন পিলার ৮ এর কাছে ভারতের কৈজুড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলি বর্ষণ করে। তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি আহত হয়েছে এমন কথা শুনেছি। তবে আহত ব্যক্তির নাম ও ঠিকানা জানা যায়নি। এ ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিনা উস্কানিতে সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫০ ঘ.