২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল'র চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ৫

গাজীপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বিপুল পরিমাণ ভূগর্ভস্থ তার ও মালামাল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

গাজীপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বিপুল পরিমাণ ভূগর্ভস্থ তার ও মালামাল উদ্ধার করেছে র‌্যাব। রোববার রাতে গাজীপুর সদর উপজেলার বাইমাইল এলাকায় এ উদ্ধার অভিযান চলে। এ সময় চুরির ঘটনায় জড়িত অভিযোগে র‌্যাব পাঁচ জনকে আটক করেছে। এরা হলেন- মো. রহিম মল্লিক (৪৫), মো. মোহিন ইসলাম (২০), মো. হৃদয় হাসান (২৪), ইমরান আলী (২০) ও শহিদুল ইসলাম (২৪)। র‌্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল জানান, গোপন সংবাদ পেয়ে বাইমাইল এলাকায় ভাই ভাই মোল্ডিং ওয়ার্কশপ থেকে বিটিসিএল'র ৮০৩ মিটার ভূগর্ভস্থ তার, দুই হাজার ৪০০ কেজি গলানো তার, ১৭টি তামার প্লেট, ৯০ কেজি জিআই তার ও ৭৫৩ কেজি অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা হবে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব কর্মকর্তা আরো বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটকদের রাত ৩টার দিকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যপারে বিটিসিএল'র বিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫২ ঘ.