২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজগরের ডিম ফুটছে একটি একটি করে

বরগুনার আমতলী উপজেলায় ফাতরার বনে অজগরের ডিম ফুটছে একটি একটি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বরগুনা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলায় ফাতরার বনে অজগরের ডিম ফুটছে একটি একটি করে। মোট ৪২টি ডিমের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত সাতটি বাচ্চা হয়েছে। এদিকে মা অজগরটিকে গত বৃহস্পতিবার থেকে আর দেখা যাচ্ছে না। অতিবর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে এটি নিরাপদ আশ্রয়ে চলে গেছে বলে বন কর্মকর্তারা ধারণা করছেন। রোববার বিকালে ফাতরার বনে গিয়ে দেখা যায়, ডিমগুলো পড়ে আছে। কিন্তু আশপাশের অনেক স্থানে খোঁজ করেও অজগরটিকে দেখা যায়নি। গর্তটির পাশে দাঁড়িয়ে থাকার আধঘণ্টার মধ্যেই একটি ডিম থেকে অজগরের বাচ্চা হতে দেখা যায়। আরো ঘণ্টা দুয়েকের মধ্যে তিনটি বাচ্চা হয়। ডিম থেকে বের হওয়ার ২৫-৩০ মিনিটের মাথায় দৌড়ানো শুরু করে অজগর ছানাগুলো। দুই ফুট লম্বা অজগরছানার দৌড় দেখে বোঝার উপায় নেই যে, একটু আগে তারা ভূমিষ্ট হয়েছে। ফাতরার বন বিট কর্মকর্তা মো. জলিলুর রহমান জানান, ইকোপার্কে কর্মরত শ্রমিকরা গত ২০ মে এ গর্তের মধ্যে অজগরটিকে দেখতে পেয়েছিল। অজগর ডিম দিয়েছে এবং ডিমে তা দিচ্ছে এই সংবাদ শুনে সংবাদ মাধ্যম ও শত শত লোক এখানে এসে ভিড় জমাতে থাকে। এক পর্যায়ে বন বিভাগ ওই জায়গায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। রোববার সকালে বন বিভাগের কর্মকর্তারা প্রথম বাচ্চা ফোটার বিষয়টি দেখতে পান। বন কর্মকর্ত আরো জানান, সব ডিম থেকে বাচ্চা না হওয়া পর্যন্ত সেখানে পাহারা দেওয়া হবে। তাদের ধারণা, ৪২টি ডিম থেকেই বাচ্চা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩২ ঘ.