সিলেট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে স্বর্ণ চোরাচালান দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় চুরি হওয়া স্বর্ণের লকার উদ্ধার, তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও পিকঅপ ভ্যানও আটক করা হয় বলে সিলেট কোতয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান।
সোমবার ভোররাতে শহরের নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফিরোজ আলম রুবেল (২৪), মনির হোসেন (২৭), তাজ উদ্দিন রাজু (৩৩), রাজা মিয়া (২২), আলী (৩৫), খুরশেদ আলম (৪১), মো. জামাল (২৫), মজিদ (২২) ও খোকন (৩০)।
নওরোজ জানান, শহরের শাহী ঈদগাহ এলাকার নয়ন জুয়েলার্সে সোমবার রাতে স্বর্ণ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নগরীর সবকটি পয়েন্টে তল্লাশি চৌকি বসায়।
ভোররাতে নাইওরপুল এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের লকারসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর দরগা গেইট এলাকার একটি হোটেল থেকে আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা স্বর্ণ চোরাচালান চলের সদস্য বলে পুলিশকে জানিয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে নওরোজ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৩৫ ঘ.
bdnews24