ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার শুরু নিয়ে আইনমন্ত্রী ও অর্থমন্ত্রীর বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজের উপর নির্বাহী বিভাগের 'নির্লজ্জ' হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন জামায়াতের বন্দি পাঁচ নেতার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেছেন, আটককৃতদের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনের ৯ ধারা অনুযায়ী কোন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। সেহেতু বিচারের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার কোন সুযোগ মন্ত্রীদের নেই।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের পাঁচ নেতা গ্রেপ্তার রয়েছেন। এরা হচ্ছেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী, সহকারি সেক্রেটারি মো. কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা।
প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধিমালার ২৯ (২) অনুযায়ী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে যথোপযুক্ত প্রমাণ না পেলে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিতে পারেন।
জামায়াত নেতাদের এই আইনজীবী বলেন, জুলাইয়ে বিচার শুরু হবে মর্মে মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন তা ট্রাইব্যুনালকে প্রসিকিউশন পক্ষের অনুকূলে এবং আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সুস্পষ্ট দিক নির্দেশনা ছাড়া আর কিছু নয়।
মন্ত্রীদের উপরোক্ত বক্তব্য ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্যক্রমকে প্রভাবিত করবে এবং বিচার কাজকে বাধাগ্রস্ত করবে। যা ১৯৭৩ সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ১১(৪) ধারা এবং বিধি ৪৫ এর আলোকে একটি অপরাধজনক কাজ।
আইনমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে 'ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আদালত অবমাননার' অভিযোগে পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদনে জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তাজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/১৭৪৫ ঘ.
bdnews24