ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনীর রায়ের পর হাইকোর্টের সাবেক বিচারকদের ক্ষেত্রে আপিল বিভাগে ওকালতিতে বিধিনিষেধ সংক্রান্ত অনুচ্ছেদটি মার্জনা করতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছে সরকার।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানান, সকালে আপিল বিভাগে আবেদনটি দাখিল করা হয়। আদালত মঙ্গলবার এ আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।
২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। ২০১০ সালের ২ ফেব্র"য়ারি আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের রায় বহাল রাখে। ওই রায়ের আলোকে গত ১০ ফেব্র"য়ারি সংবিধান পুনর্মুদ্রণ করে সরকার।
পুনর্মুদ্রিত হওয়ার আগে সংবিধানের ৯৯ অনুচ্ছেদে বলা ছিল, 'কোনো ব্যক্তি অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন ব্যতিত বিচারক পদে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের পর কিংবা অপসারিত হইবার পর তিনি কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিতে পারিবেন না অথবা বিচারবিভাগীয় বা [আধা বিচারবিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ] ব্যতিত প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে বহাল হইবেন না।'
তবে ৯৯ (২) অনুচ্ছেদে বলা হয়, 'কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগের বিচারক পদে বহাল থাকিলে কিংবা উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি আপিল বিভাগে ওকালতি বা কার্য করিতে পারিবেন।'
১৯৭৭ সালের সামরিক আইন প্রবিধান অনুযায়ী আনা পরিবর্তনে ৯৯ অনুচ্ছেদ এই অবস্থায় আসে বলে জানান অ্যাটর্নি জেনারেল। ওই পরিবর্তনের আগে মূল সংবিধানের ৯৯ অনুচ্ছেদ সংবিধানে ছিলো বলেও উল্লেখ করেন তিনি।
মূল সংবিধানের ৯৯ অনুচ্ছেদে বলা হয়, 'কোনো ব্যক্তি (এই সংবিধানের ৯৮ অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে অতিরিক্ত বিচারকরূপের দায়িত্বপালন ব্যতীত) বিচারকরূপে দায়িত্বপালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসরগ্রহণের বা অপসারিত হইবার পর তিনি কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিবেন না এবং প্রজাতন্ত্রের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না।'
অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধানে মূল সংবিধান পুনর্বহাল হয়।
"পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার পরও সংসদ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট কিছু কিছু বিষয় মার্জনা করেছে। আমাদের আবেদনে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বা অপসারিত বিচারপতিদের আপিল বিভাগে ওকালতি করার সুযোগটি অব্যাহত রাখার কথা বলা হয়েছে।"
পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের পর সরকার ওই রায়ের কিছু অংশ প্রত্যাহারের আবেদন করলে সুপ্রিম কোর্ট ১১ মে জানায়, সামরিক শাসনামলে জারি করা বিদ্যমান আইনি বিষয়গুলো নিয়ে সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে।
ওই রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধান নিয়ে আরেকটি রিট আদালতে বিবেচনাধীন রয়েছে। গত ৬ জুন ওই রিটে পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনার ফুটনোট-১, ৩৮ অনুচ্ছেদ ও এর ফুটনোট-১ এবং ৯৯ অনুচ্ছেদ এবং এর ফুটনোট-৩ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভুত ঘোষণা করা হবে না- সে বিষয়ে রুল জারির আবেদন করেন রিটকারী ব্যরিস্টার হালিম।
একইসঙ্গে পুনর্মুদ্রিত সংবিধানের এসব অনুচ্ছেদের কার্যকারিতা স্থগিত করারও নির্দেশ চেয়েছেন তিনি।
রিট দায়েরের পর আব্দুল হালিম বলেছিলেন, "পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হতে পারবেন না। এ ধরনের কোনো কথা পঞ্চম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেনি। এই অন্তর্ভুক্তি আদালতের রায় এবং সংবিধানের ৫৮ অনুচ্ছেদের পরিপন্থী।"
পুনর্মুদ্রিত সংবিধানে মূল সংবিধানের ৯৯ অনুচ্ছেদ বহাল করা হলে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা হতে পারবেন না। রাষ্ট্রপক্ষ এই অংশটিকেও আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাইছে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, "সেটি আমাদের আবেদনের বিবেচ্য বিষয় ছিলো না। আমরা কেবল বিচারকদের বিষয়টি পুনর্মুদ্রণের পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার আবেদন করেছি।"
এদিকে রোববার আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চে বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে বিচার চলাকালে একটি মামলা শুনানি করতে আসেন হাইকোর্টের সাবেক বিচারপতি এবং বর্তমানে আপিল বিভাগে আইন পেশায় নিয়োজিত সৈয়দ আমিরুল ইসলাম। এ সময় তার মামলাটির শুনানি স্থগিত করে দেওয়া হয়।
হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতিদের মধ্যে একে বদরুল হক, শিকদার মকবুল হক, মোজাম্মেল হক, আওলাদ আলী আপিল বিভাগে আইনজীবী হিসাবে কর্মরত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২০৩ ঘ.
bdnews24