চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন নামঞ্জুর হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই আদালত থেকে পালিয়ে গেলেন মাদক মামলার এক আসামি।
সোমবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত দুই কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি আবছার হোসেন সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ারের আদালতে আত্মসমপর্ণ করে জামিন প্রার্থনা করেন।
আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচার কার্যক্রম শেষে কাঠগড়া থেকে নেয়ার সময় আবছার পালিয়ে যায়।
এসময় কনস্টেবল ভুবন চন্দ্র দেবনাথ ও সাধন কান্তি দাশ দায়িত্ব পালন করছিলেন।
সিএমপি'র উপ-কমিশনার (সদর) ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সতর্কতার অভাবে এ ঘটনা ঘটতে পারে। আবছারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, দুই কনস্টেবলকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
আবছার হোসেন চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন কদমতলী এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে। গত বছরের এপ্রিল মাসে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৭০৭ ঘ.
bdnews24